ছবি: বিএনপি নেতা এস ইউ সাদ্দাম (বামে), আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ (ডানে)।

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জৈন্তাপুর থানা পুলিশের এসআই বিদ্যুৎ বাদী হয়ে ৩৯ জনের নামোল্লেখ করে আরও দেড় শতাধিক অজ্ঞাত আসামি করা হয়।

 


জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর)  জৈন্তাপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৫। মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এস ইউ সাদ্দামকে ১নম্বর আসামি করে আরও ৩৮ জনের নাম উল্লেখ করা হয়ে। এর আগে পুলিশের গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাদ্দামকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়।

 

এদিকে পুলিশের গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপি নেতা এস ইউ সাদ্দামকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। অভিযোগ উঠেছে, তিনি আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ফেসবুকে দেওয়া পোস্টে ভিন্ন বক্তব্য তুলে ধরেছেন তিনি।

 

সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে সাদ্দাম দাবি করেন, ফরহাদের জানাজায় অংশ নিতে বাজারে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় বিশৃঙ্খলা দেখতে পেয়ে সেখানে থামেন। এ সময় দায়িত্বে থাকা এসআই রাজিবুল ও এসআই বিদ্যুৎ তাঁকে জানান, আওয়ামী লীগের কিছু লোক তাঁদের ওপর আক্রমণ করছে। পরে তিনি পুলিশ সদস্যদের সহযোগিতা করার চেষ্টা করেন। পরিস্থিতি আরও ঘোলাটে হলে পুলিশ তাঁকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর তিনি চলে যান বলে পোস্টে উল্লেখ করেন।

 

পুলিশ জানায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোং-এর সামনে থেকে আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আটকের পর তাঁকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় একদল ব্যক্তি পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায়।

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হরিপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ওই ঘটনায় একই দিন গভীর রাতে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন (৪৮), ৫নম্বর ফতেহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং নিষিদ্ধ ঘোষিত জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)।

 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, ‘পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তারা যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে। জাতীয়তাবাদী দলের কোনো সদস্য এ ঘটনায় জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা সব বিষয়ের সত্যতা নিশ্চিত করেন। তিনি সিলেটভিউকে জানান, ‘তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও পুলিশি হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃত তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার এবং ছিনিয়ে নেওয়া আসামি জাকারিয়া মাহমুদকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

 

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় একসময় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন সাদ্দাম হোসেন। পরে সাধারণ ক্ষমা চেয়ে আবেদন করলে ২০২৫ সালের ২৬ নভেম্বর তিনি সাধারণ সদস্য পদসহ দলীয় কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পান।

 


সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/ এহিয়া-০৯