সংযুক্ত আরব আমিরাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালীপূজা।

এ উপলক্ষে দেশটির আজমানে বসেছিল প্রবাসী বাংলাদেশি সনাতনীদের এক বর্ণিল মিলনমেলা। আয়োজকদের দাবি, উৎসবে ১০ হাজারেরও বেশি ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।


রোববার (৮ নভেম্বর) কার্তিক মাসের অমাবস্যা তিথিতে আজমানের উইনার স্পোর্টস ক্লাবে প্রবাসী সনাতনীদের শীর্ষ সংগঠন ‘প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে চতুর্থবারের মতো এ পূজার আয়োজন করা হয়।

প্রবাসের মাটিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে আয়োজিত এ উৎসবে বিকেল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার ধ্বনি, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পূজামণ্ডপ এলাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু অজিত কুমার রায়। সংগঠনের প্রেস সেক্রেটারি স্নিগ্ধা সরকার তিথির সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্ব পরিচালিত হয়। সাধারণ সম্পাদক উত্তম সরকারের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা পূজা উদযাপনের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন সফল করতে দায়িত্ব পালন করেন।

পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে ভক্তরা দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী কালী শক্তির প্রতীক। অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির বিজয়ের প্রত্যাশায় ভক্তরা দেবীর আরাধনা করেন। শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী ও মহামায়াসহ বিভিন্ন নামে দেবী কালী ভক্তদের কাছে পূজিত হন।

ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক বঙ্গ শিমুলের পরিচালনায় প্রবাসী শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এতে সংগীত পরিবেশন করেন শিপন কর্মকার, শিবলু দাস, বৈশাখী মজুমদার, পূজা আইচ, ফাল্গুনী দাশ, লিপিকা রানী দেবী, সূচনা দে তাথই, শিমুল দেবনাথ, হৃদয় নাথ, রাধিকা ও রিন্টু কুমার নাথসহ স্থানীয় শিল্পীরা।

শিল্পীদের পরিবেশনায় বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন বঙ্গ শিমুল (কিবোর্ড), সঞ্জয় সরকার (গিটার), নোবেল দাস (অক্টোপ্যাড), বাপ্পারাজ নাথ (তবলা) ও রন সরকার (লিড গিটার)। তাঁদের পরিবেশনায় উৎসবস্থলে সৃষ্টি হয় আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ।

প্রবাসের কর্মব্যস্ত জীবনের নানা সীমাবদ্ধতার মধ্যেও এমন বৃহৎ আয়োজন প্রবাসী সনাতনীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বাঙালির ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও শেকড়ের পরিচয় তুলে ধরার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সব মিলিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তিমূলক পরিবেশনা, সাংস্কৃতিক আয়োজন এবং বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজমানের কালীপূজা পরিণত হয় প্রবাসী বাংলাদেশি সনাতনীদের এক প্রাণবন্ত ও স্মরণীয় মিলনমেলায়।
 


সিলেটভিউ২৪ডটকম/খোকন/এসডি-০৩