ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসন, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের উৎপাত প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ এবং সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অনুষ্ঠিত সভায় এসব আলোচনা হয়।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় শহরের যানজট, যত্রতত্র গাড়ি পার্কিং, রেলওয়ে শ্মশানঘাট ও পৌরশহরের পরিত্যক্ত ভূমি অফিসের ভবনসহ বিভিন্ন স্থানে মাদকসেবী, কিশোর গ্যাংয়ের উৎপাত প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধে বিট পুলিশিং জোরদার, মেলা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, প্রভাষক তাহমিনা আক্তার, নির্মাল্য মিত্র সুমন প্রমুখ।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (সহকারী) মো. খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

 

সভাপতির বক্তব্যে ইউএনও সানজিদা আক্তার বলেন, শহরের অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ, মাদক ও অনৈতিক অবক্ষয় রোধ এবং যানজট নিরসনে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। মেলা ও ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/অনি/ এহিয়া-০৭