তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা। তাঁদের বক্তব্যে উঠে এসেছে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জলবায়ু ঝুঁকি হ্রাসে অর্থায়ন বৃদ্ধি, উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য অধিকার এবং মিথেনসহ ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণের বিষয়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব পিছিয়ে পড়ছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক সংহতি জোরদারের আহবান জানিয়েছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, যুদ্ধ ও বাণিজ্য বিরোধের কারণে বিশ্বনেতাদের আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব হারাচ্ছে। আর জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল মিথেন নিঃসরণ কমানোকে দ্রুততম ও সাশ্রয়ী জলবায়ু পদক্ষেপগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন।
সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জলবায়ু সংকটের গতি মানুষের পদক্ষেপের চেয়ে অনেক বেশি। ২০২৫ সালে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত চার বছর ছিল ইতিহাসের উষ্ণতম সময়। জলবায়ুজনিত দুর্যোগ বিশ্বজুড়ে মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতিকে বিপর্যস্ত করছে।
তিনি বলেন, প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু বিজ্ঞান বলছে, এ সীমা অতিক্রম করা এখন প্রায় অনিবার্য। তবে এর অর্থ এই নয় যে লড়াই থামিয়ে দিতে হবে।
গুতেরেনের মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবসায়িক স্বার্থ জলবায়ু পদক্ষেপ বিলম্বিত করছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা ও জ্বালানি সংরক্ষণে বিনিয়োগ বাড়াতে হবে। তিনি উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি নতুন ‘ক্লাইমেট জাস্টিস কমপ্যাক্ট’ বা জলবায়ু ন্যায়বিচার চুক্তির প্রস্তাব দেন।
গুতেরেস বলেন, উন্নত দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রæতি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ বাড়ানোর পরিকল্পনা দিতে হবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এমন এক সময়ে চলছে, যখন আন্তর্জাতিক ব্যবস্থা যুদ্ধ, সংকট, অভিবাসন, দুর্ভিক্ষ ও দারিদ্র্যের মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব পরিস্থিতিতে আন্তর্জাতিক সংহতির প্রয়োজন প্রতিদিন বাড়ছে।
তিনি বলেন, সশস্ত্র সংঘাতের মূল্য শুধু মানুষকেই দিতে হচ্ছে না, প্রকৃতিও এর ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে। তিন দশকের বেশি সময় ধরে জলবায়ু নিয়ে আলোচনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, কপ-৩০ সম্মেলনের পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে যে উদ্দীপনা তৈরি হয়েছিল, চলতি বছর তা অনেকটাই কমে গেছে। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জি-৭ ও জি-২০ বৈঠকেও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা কমেছে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার চেয়ে এখন অস্ত্র ও শুল্ক নিয়ে আলোচনা বেশি হচ্ছে। যুদ্ধ ও মূল্যস্ফীতির কারণে জলবায়ু বিপর্যয়ের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ক‚টনীতি ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে হবে।
চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোকে নিঃসরণ কমানোর ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে এবং জলবায়ু অর্থায়নের প্রতিশ্রæতি পূরণ করতে হবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, কপ-৩১ এমন একটি সম্মেলন হওয়া উচিত, যেখানে আন্তর্জাতিক সহযোগিতা বাস্তব ফলাফল বয়ে আনবে। পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে বিনিয়োগ, অর্থনীতির বিদ্যুতায়ন, সমুদ্র সুরক্ষা এবং জলবায়ু অর্থায়ন বাড়াতে হবে। তিনি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রতি বিশেষ সংহতি জানান।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন, ভবিষ্যৎকে সাশ্রয়ী ও নিরাপদ করতে হলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ আরও দ্রুত কমাতে হবে। যেসব দেশের জলবায়ু সংকট সৃষ্টিতে দায় বেশি এবং পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রয়েছে, তাদেরই এ দশকে আরও গভীরভাবে নিঃসরণ কমানোর উদ্যোগ নিতে হবে।
স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পির্চ মুসার বলেন, ধাপে ধাপে উত্তরণের কথা বলে অনির্দিষ্টকালের জন্য জলবায়ু পদক্ষেপ পিছিয়ে দেওয়া যাবে না।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেন, বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত রাখার মূল্য জলবায়ু ও জ্বালানি নিরাপত্তা- দুই ক্ষেত্রেই বিশ্বকে দিতে হচ্ছে। এ কারণে পরিচ্ছন্ন জ্বালানির দিকে উত্তরণ আরও জোরদার করতে হবে। তিনি ‘৩৫ বাই ৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ বা ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতায়ন স¤প্রসারণের বৈশ্বিক অঙ্গীকারের প্রতি সমর্থন জানান এবং অন্য দেশগুলোকেও এতে যুক্ত হওয়ার আহবান জানান।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেন, যে সংকট সৃষ্টিতে যেসব দেশের দায় সামান্য, তা থেকে উত্তরণের জন্য ঝুঁকিপূর্ণ সেসব দেশগুলোকে আরও ঋণ নিতে বাধ্য করা যায় না। জলবায়ু সহনশীলতা গড়ে তোলার নামে দেশগুলোকে টেকসই নয় এমন ঋণের বোঝায় ফেলা উচিত নয়।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, শান্তিকালীন জলবায়ু অঙ্গীকার এবং যুদ্ধের সময় পরিবেশগত ক্ষতির দায়ের মধ্যে কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। সামরিক আগ্রাসনের কারণে পরিবেশের যে ক্ষতি হয়, তা নথিভুক্ত ও মূল্যায়নের পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল বলেন, মিথেনসহ সুপার পলুট্যান্টের নিঃসরণ কমানো বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের দ্রæততম, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি। এতে অর্থনীতি, কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্যেরও উন্নতি হবে।
তিনি বলেন, তেল ও গ্যাস খাতে বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৭০ শতাংশ মিথেন নিঃসরণ দূর করা সম্ভব। কঠিন বর্জ্য খাতে মিথেন কমানোর ৭৫ শতাংশ উদ্যোগ থেকেই অর্থ সাশ্রয় হতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-১০




