ছবিঃ সিলেট ভিউ।
সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের খবরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ ঘোষণাকে স্বাগত জানিয়ে সোমবার বিকেলে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলা সদরে মিছিলটি বের করা হয়। পরে এটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্তকে স্বাগত জানান এবং এ প্রক্রিয়ায় ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুশ শুক্কুর ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব সোহেল আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জামিল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুণুর রশিদ এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ।
এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মিছিল-পরবর্তী বক্তব্যে নেতারা বলেন, জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণার মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে। এ সিদ্ধান্তের ফলে অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং পরিকল্পিত নগরায়ণের নতুন সম্ভাবনা তৈরি হবে। পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগে ভূমিকা রাখায় তাঁরা মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে জৈন্তাপুরে উন্নত সড়ক যোগাযোগ, আধুনিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সীমান্তবর্তী ঐতিহাসিক এ জনপদ একটি আধুনিক ও বাসযোগ্য পৌর এলাকায় রূপ নেবে বলে তাঁদের প্রত্যাশা।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর আগে ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ১২টি মৌজার নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/আশিক-০৫




