ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেট মহানগরীর আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট মালিকদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন সিলেট মহানগর পুলিশ।

 


সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তরের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

 

জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে এসএমপির সদর দপ্তরের সম্মেলনকক্ষে আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। 

 

সভায় হোটেল ও রিসোর্টে অবস্থানকারী অতিথিদের পরিচয় যথাযথভাবে যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রতিটি হোটেলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পার্কিং এলাকায় গাড়ির নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে যথাযথ নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়। কোনো অতিথির আচরণ কিংবা কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে অথবা কোথাও অপরাধমূলক কার্যক্রমের আভাস পাওয়া গেলে কালক্ষেপণ না করে পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে; উঠতি বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের আপত্তিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

 

সভায় অপরাধ প্রতিরোধ, অনৈতিক ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে তথ্য আদান-প্রদান ও সমন্বিত উদ্যোগকে অপরাধ নিয়ন্ত্রণের অন্যতম সহায়ক হিসেবে উল্লেখ করা হয়। সিলেট মহানগরীকে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন। অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ কমিশনার।

 

মতবিনিময় সভায় সিলেট মহানগর পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং নগরীর আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এদিকে সিলেট মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল ও রিসোর্টগুলোতে অতিথিদের পরিচয় যাচাই এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরীর সাধারণ মানুষ। তারা জানান, আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সহজ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সামাজিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। তবে নিরাপত্তার নামে কোনো নিরপরাধ অতিথি যেন হয়রানির শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, ‘সিলেট মহানগরীকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ নিয়মিতভাবে অপরাধ প্রতিরোধে কাজ করছে। এক্ষেত্রে আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার মালিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিথিদের পরিচয় যাচাই, তথ্য সংরক্ষণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করা হলে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। অপরাধ দমনে পুলিশ ও নগরবাসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করতে হবে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬