ছবি: সংগৃহিত।

‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।’

 


মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। 

 

হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবেন। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।’

 

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক।’

 

এ সময় শিক্ষার্থীদের পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা প্রধানমন্ত্রীকে হবিগঞ্জ জেলা ভ্রমণের আমন্ত্রণও জানান। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯