সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ রাউন্ডের শেষ দিনের খেলায় রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ।

এর মধ্য দিয়ে রেকর্ড অষ্টমবারের মতো জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতল দলটি।


খুলনার সামনে শিরোপা জয়ের সমীকরণ ছিল সহজ—শেষ ম্যাচে হার এড়াতে পারলেই চ্যাম্পিয়ন। তবে শুধু সমীকরণের ওপর নির্ভর না করে রংপুরকে হারিয়েই শিরোপা নিশ্চিত করে তারা। অন্যদিকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিক সিলেট বিভাগকে।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে রংপুর বিভাগ ৩৩৮ রান সংগ্রহ করে। জবাবে খুলনা বিভাগ অলআউট হয় ৩২২ রানে। দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রান। ফলে জয়ের জন্য খুলনার লক্ষ্য নির্ধারিত হয় ২০২ রান।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৩ রান যোগ করেন এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিম। বিজয় ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। এরপর কালাম সিদ্দিকিকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। তিনি ১২৩ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। কালাম সিদ্দিকি অপরাজিত ছিলেন ৫৫ বলে ৩৬ রান করে। ৪০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।

ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সফর আলী। এর আগে প্রথম ইনিংসে খুলনার হয়ে সেঞ্চুরি করেন নুরুল হাসান সোহান। একই ইনিংসে সফর আলী শিকার করেন চার উইকেট।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে প্রাইজমানি, ক্রেস্ট ও ব্যক্তিগত অর্জনের পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের বলেন, খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ তৈরি করতে প্রতিবছর জাতীয় ক্রিকেট লিগ আয়োজন করা হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের ক্রিকেটের মূলধারায় সম্পৃক্ত করার সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, গত বছর জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিল। ক্রিকেটে সিলেটের ঐতিহ্য ও সুনাম রয়েছে। জাতীয় পর্যায়েও এ অঞ্চলের খেলোয়াড়রা ভালো করছেন। তাঁদের আরও এগিয়ে নিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

সিসিক প্রশাসক বলেন, সিলেটের খেলোয়াড়দের দক্ষতা ও পারফরম্যান্সের উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। এর ফলে আগামী দিনে জাতীয় ক্রিকেটে সিলেটের খেলোয়াড়রা আরও ভালো অবস্থান তৈরি করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট লিগের চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, বিসিবির কাউন্সিলর আশরাফ হোসেন আরমান, বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাওসার এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫