ছবিঃ সিলেট ভিউ।

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। 

 


মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার কাটাগাং, গোয়াবাড়ি ও আশপাশের এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো ইঞ্জিন জব্দ করা হয়েছে।

 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া।

 

প্রশাসন সূত্রে জানা যায়, কাটাগাং, গোয়াবাড়ি ও আশপাশের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে পাওয়া তিনটি শ্যালো ইঞ্জিন জব্দ করা হয়।

 

জৈন্তাপুরের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের নিয়মিত অভিযানের কথা জানিয়েছেন। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে।

 

অভিযানে উপজেলা প্রশাসন, সিলেট ব্যাটালিয়ন আনসার ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/আশিক-০২