ছবি: সংগৃহীত
সিলেট নগরীতে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট নগরীর ছড়ারপাড় এলাকার সুগন্ধা-৬২ নম্বর বাসার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মাছুম আহমেদ (৪২) এবং একই এলাকার বউবাজারের হেলাল মিয়ার কলোনির সুগন্ধা-২৩/৫ নম্বর বাসার মৃত খুরশিদ উদ্দিন আহমদের ছেলে নাসিমুর রহমান নাসিম (৪৪)।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, নগরীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ নভেম্বর এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর চালিবন্দর এলাকার কয়েদী মাঠের পূর্ব পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় পাশে থাকা আরও একটি বাসেও আগুন দেওয়া হয়।
মামলার তথ্যমতে, পেট্রোল ঢেলে বাসগুলোতে আগুন দেওয়া হয়। এতে তিনটি বাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অপর একটি বাস আংশিক পুড়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের সক্রিয় নেতা। বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তাঁদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত নাসিমুর রহমান নাসিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০২




