জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই দিয়েই আমাদের জন্ম। সেই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে যদি আর কোনো রাজনৈতিক দল নাও থাকে, তবুও আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।’
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির সঙ্গে রাজপথে এনসিপি থাকবে কিনা; এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে। গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে এনসিপি নিজের জায়গা থেকেই লড়াই করে যাবে। আমরা সেই লড়াইয়ে বর্তমান সরকারপ্রধানকে আহ্বান জানিয়েছে, এই ভিত্তিতে জাতীয় ঐক্য হলে, আমরা সেখানে আছি। ’
বৈঠক নিয়ে সন্তুষ্ট কিনা, এ প্রশ্নে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এটা কি শুধু আলোচনা, নাকি অ্যাকশনও হবে, এটার ওপর সন্তুষ্টি নির্ভর করবে। আমরা যদি দেখি সরকার বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে অ্যাকশনে যায়, কাজ করে, তাহলে আমরা বলতে পারব বৈঠক সফল হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘আমরাও চাই না, আলোচনার জন্য আলোচনা হোক। আমরা চাই আলোচনা ফলপ্রসূ হোক।’
এছাড়া বৈঠকে সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুপারিশ করেছে এনসিপি। জবাবে প্রধানমন্ত্রী কী বলেছেন, জানতে চাইলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘উনি বলেছেন, এটা নিয়ে উনারা আলোচনা করবেন।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০




