আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সমাধান, সফটওয়্যার উন্নয়ন এবং ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে দেড় দশকের সাফল্যমণ্ডিত পথচলাকে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

সিলেট নগরীর ধোপাদিঘীরপারে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, অর্থ পরিচালক, অন্যান্য পরিচালকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।


এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্প সিকিউরিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস এবং জার্নিমেকারজবস এর ব্যবস্থাপনা পরিচালক প্রতিম পুরকায়স্থ।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও সম্মানিত গ্রাহকদের স্বাগত জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপনের সূচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী ১৫ বছরের এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি একদিকে আমাদের অতীতের অর্জন ও সাফল্যের প্রতিফলন, অন্যদিকে ভবিষ্যতের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। আমাদের সম্মানিত গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং কর্মকর্তা-কর্মচারীদের আস্থা ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার সম্মিলিত সমর্থন ও ভালোবাসা নিয়েই আমাদের এই পথচলা অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা, অংশীদারদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের আন্তরিক প্রচেষ্টাই আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের দীর্ঘ পথচলার অন্যতম প্রেরণা। ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, বিগত দিনের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের সেলস ও ডেভেলপমেন্ট টিমের সদস্যদের মেধা, দক্ষতা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সেলস টিমের কোয়ার্টারভিত্তিক সেরা পারফরমারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে কর্মীদের পেশাগত উৎকর্ষ সাধন, ইতিবাচক প্রতিযোগিতা এবং কাজের প্রতি উৎসাহ বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট লেখক, সংগঠক ও প্রামাণ্যকার নিরঞ্জন দে তাঁর বক্তব্যে বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিতে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও প্রতিষ্ঠানটি সেবা প্রদানের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হয়নি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন পর্যায়ে সেবা প্রদানের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তোলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও সহজ, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যেও আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড কাজ করছে। প্রযুক্তির ক্রমবর্ধমান পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে পুরস্কার বিতরণ এবং উপস্থিত অতিথি ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সমাপ্তি ঘটে।

দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতা, অর্জন ও গ্রাহক আস্থাকে পুঁজি করে ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা, উদ্ভাবনী সফটওয়্যার সমাধান এবং ডিজিটাল রূপান্তরে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড। নতুন সম্ভাবনা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তাদের আগামী দিনের পথচলার নতুন অধ্যায় শুরু করেছে।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩