সুনামগঞ্জের দিরাই উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক দেওয়া হয়েছে। সে হিসাবে ১৪টি পরিবারকে মোট ২৮ বান্ডিল ঢেউটিন ও ৮৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সহায়তাপ্রাপ্ত পরিবারের মধ্যে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামের ১৩টি এবং তাড়ল ইউনিয়নের ভাঙাডহর গ্রামের একটি পরিবার রয়েছে।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জারুলিয়া গ্রামের বাসিন্দাদের আশ্বস্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, ‘আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের সংসদ সদস্য, নেতৃবৃন্দসহ দিরাইয়ের আপামর জনসাধারণ আপনাদের পাশে আছে।’
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা আবু ছাইদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালা উদ্দিন তালুকদার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মরিয়াদ তনয়,শাহ আলম ও সাবেক সাধারণ সম্পাদক জুনেদ মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১৬




