ছবি: সংগৃহীত
মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. মাসুদ (৫৭), মুছা আহমদ খান মন্টু (৪০), আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), মো. ইকবাল হোসেন (৫২), মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), মোহাম্মদ রুবেল শেখ (৩৮), মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), ইদ্রিস আলম (৪২) এবং মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।
শুক্রবার (২৭ নভেম্বর) আরএমপির মুখপাত্র ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান গাজিউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এবং বিভিন্ন থানার একাধিক দল পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মাসুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি। মুছা আহমদ খান মন্টু নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এছাড়া মো. ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি এবং মোহাম্মদ শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ছিলেন। গ্রেপ্তার হওয়া ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
মামলার সূত্রপাত গত ২৬ নভেম্বর সকালে। ওই দিন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলাটি ২০২৬ সালের ২৬ নভেম্বর দায়ের করা হয়। এর নম্বর ৪৫। সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আরএমপি মুখপাত্র আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রমের মধ্য দিয়ে মিছিলের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০১




