সংগৃহীত

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হবিগঞ্জের বাহুবল উপজেলার ১১টি চা বাগানে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।

 


১১টি কেন্দ্রে ৩ হাজার ৭২৪ ভোটারের ভোটে নির্ধারিত হবে নতুন নেতৃত্ব। নির্বাচনে ৩৯টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮৫ প্রার্থী। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

মোট ভোটারের মধ্যে নারী ১ হাজার ৭৩৭ জন এবং পুরুষ ১ হাজার ৯৮৭ জন।

 

ভোটার সুমন গোয়ালা বলেন, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।

 

আরেক ভোটার কমল ভৌমিক বলেন, আট বছর পর ভোট দিতে পেরে খুব আনন্দিত। খুব সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে।

 

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে তা হস্তান্তর করা হয়েছে।

 

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমিকরা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

দীর্ঘ বিরতির পর এ নির্বাচনের মধ্য দিয়ে চা শ্রমিকদের নতুন পঞ্চায়েত নেতৃত্ব নির্বাচিত হবে। শ্রমিকদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্বের দায়িত্ব কারা পাচ্ছেন, এখন সেই অপেক্ষায় রয়েছেন ১১ বাগানের শ্রমিক ও ভোটাররা।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৫