সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে কালকিনি পৌর মাছ বাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে মিছিল বের করেন।
মিছিলটি পৌর মাছ বাজার অতিক্রম করে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করেন। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় উভয় পক্ষের লোকজনের ছোড়া হাতবোমা বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। সংঘর্ষে দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, তারা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো ধরনের দ্বন্দ্ব চান না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪




