চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে চিকিৎসা কার্ড করে দেওয়ার নামে নারীদের জাতীয় পরিচয়পত্র ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে।
 

ভুক্তভোগী নারীদের দাবি, তাদের অজান্তে বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলায় এখন ফ্যামিলি কার্ডের জন্য নতুন অ্যাকাউন্ট করতে পারছেন না তারা। এতে চরম ভোগান্তিতে পড়ছে শতশত নারী। এ ঘটনায় জীবননগর থানায় লিখত অভিযোগ দিয়েছেন কয়েকজন নারী।
 


ভুক্তভোগীদের অভিযোগ সুত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে তিন ব্যক্তি উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নারীদের জানান, দর্শনা শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে বড় বড় চিকিৎসক আসবেন। সেখানে চিকিৎসা নিতে গেলে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এই সুবিধা পেতে একটি রেজিষ্ট্রেশন কার্ড করতে হবে। কার্ড করতে তাদের জাতীয় পরিচয়পত্র, ছবি, মোবাইল নম্বর, ব্যক্তিগত তথ্য ও বিভিন্ন কোড সংগ্রহ করা হয়। পরে এসব তথ্য ব্যবহার করে তাদের নামে রকেট, নগদ ও উপায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
 

প্রতারণার শিকার আফিরন খাতুন বলেন, তিনজন ব্যক্তি বাড়িতে এসে চিকিৎসা সেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানান। বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন এবং তাদের কাছে চিকিৎসা নিতে হলে একটি কার্ড করতে হবে বলে জানান তারা। কার্ড তৈরির জন্য মোবাইলে আসা কোড, জাতীয় পরিচয়পত্র, ছবি ও তাদের মুখ, চোখ, কান ইত্যাদির ভিডিও প্রয়োজন বলে এসব তথ্য নেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে তারা তথ্য দিয়ে দেন। এখন ফ্যামিলি কার্ডের জন্য বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে আগে থেকেই অ্যাকাউন্ট খোলা রয়েছে বলে জানানো হচ্ছে।

আরেক ভুক্তভোগী সেলিনা বেগম বলেন, ফ্যামিলি কার্ডের জন্য অ্যাকাউন্ট খুলতে গেলে দোকান থেকে জানানো হয়, তার নামে আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে। অথচ তিনি নিজে কোনো অ্যাকাউন্ট খোলেননি। পরে বাড়িতে আসা ওই তিন ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে সন্দেহ করেন তিনি। বিষয়টি নিয়ে ক্লিনিকে যোগাযোগ করলে তারা প্রতারণার বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তবে এখনো সমস্যার সমাধান হয়নি বলে জানান তিনি।
 

সেলিনা বেগম আরও বলেন, তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে খোলা অ্যাকাউন্টের মাধ্যমে ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হলে তারা আইনি ঝামেলায় পড়তে পারেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

ভুক্তভোগীদের হাতে থাকা কার্ডে দর্শনা শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের নাম ও যোগাযোগের নম্বর পাওয়া গেছে। কার্ডগুলোতে রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং সেবার প্রচারও রয়েছে।
 

চিকিৎসা কার্ডে থাকা নম্বরে আতিকুর রহমান সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে প্রতিদিন একাধিক অভিযোগ তার কাছে আসছে। পরে খোঁজ নিয়ে জানতে গেছে পরিচিত এক ব্যক্তি তার নাম ভাঙিয়ে এসব করেছেন। অভিযোগ নিয়ে যারা তার কাছে আসছেন, তাদের সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দিলে সমস্যার সমাধান হচ্ছে বলে দাবি করেন তিনি। প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হওয়ায় তিনি দর্শনা থানায় যোগাযোগ করেছেন এবং একটি লিখিত অভিযোগ তৈরি করেছেন, যা আগামীকাল জমা দেবেন বলেও জানান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৪