ছবি: সংগৃহীত

সিলেটে বিজিবির হাতে আটক ব্যক্তির পরিচয় জানা গেছে। আটক ব্যক্তির নাম মোঃ কিবরিয়া (২৭)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের ছেলে। শনিবার (২৮ নভেম্বর) রাতে জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।



বিজিবির দাবি,তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং চিহ্নিত মানব পাচারকারী।


শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীন লালাখাল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি নামক স্থান থেকে তাকে আটক করা হয়।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ কিবরিয়ার অবস্থান শনাক্ত করে তাকে আটকের লক্ষ্যে লালাখাল বিওপির একটি টহলদল বিশেষ অভিযান শুরু করে। এ সময় টহলদল সতর্ক অবস্থানে থেকে তার সম্ভাব্য অবস্থান ও চলাচলের ওপর নজরদারি চালায়। পরে দীর্ঘ প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করতে সক্ষম হয়।


আটকের পর তার দেহ তল্লাশি করে একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।


বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সোহেল আলম, পিবিজিএম জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/মআস-০৯