সিলেট নগরীর দক্ষিণ সুরমার পালপুরে ড্রেনের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন পালপুর গ্রামের বাসিন্দা, সমাজকর্মী আব্দুল হাছিব। এ দাবিতে তিনি একাই বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সিটি করপোরেশনের ভবনের সামনে অবস্থান করেন।
এ সময় আব্দুল হাছিব গণমাধ্যমকে জানান, বিগত তিন বছর ধরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে পালপুর গ্রামে ড্রেন নির্মানের দাবি করে আসছি। তিনি এ গুরুত্বপূর্ণ দাবির প্রতি কোনো গুরুত্ব দেননি। বরং হবিনন্দী এলাকায় নতুন একটি ড্রেন নির্মাণ করে পালপুর গ্রামের মধ্যখানে এনে অসম্পূর্ণ অবস্থায় রেখে দিয়েছেন। সম্প্রতি গঙ্গানগর এলাকা থেকে আরও একটি ড্রেন নির্মাণ করে পালপুর গ্রামে অসম্পূর্ণ অবস্থায় রাখা হয়েছে, যা এলাকাবাসীর জন্য চুরম দুর্ভোগ বাড়িয়েছে।
হাছিব আরও জানান, গত তিন বছরে মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে চারবার ও প্রধান প্রকৌশলী নুর আজিজ চৌধুরী, কাউন্সিলর আজম খাঁন ও মহিলা কাউন্সিলর এড.রোকসানা বেগম শাহনাজ, প্রকৌশলী আলী আকবর ও উপসহকারী প্রকৌশলী সুমন চন্দ দেব-এর সাথে দফায় দফায় যোগাযোগ করেও কোনো সুরাহা পাইনি। এই অবস্থায় সর্বশেষ বিগত ১মাস আগে মেয়র ও প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করি, কিন্তু কোনো ফল পাইনি। এই অবস্থায় আমি আজ বাধ্য হয়ে সিলেট সিটি করপোরেশনের সামনে অবস্থান নিয়েছি।
হাছিব জানান, যদি বর্ষা মৌসুমের আগে এই অসম্পূর্ণ ড্রেন নির্মাণ না করে দেওয়া হয় তাহলে এবারও কোমর পানিতে পালপুর গ্রামের বাসিন্দাদের হাঁটতে হবে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




