যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ৬১তম জাতীয় দিবস ও শনিবার (২৬ ফেব্রুয়ারি) ৩১তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে কুয়েত। জাতীয় ও স্বাধীনতা দিবস ঘিরে উচ্ছ্বসিত কুয়েতের নাগরিকরা। তাদের সাথে উৎসবমূখর পরিবেশে দিবস উদযাপনে অংশ নিয়েছেন প্রবাসীরাও।
বৃটিশদের কাছ থেকে ১৯৬১ সালে মুক্ত হওয়ার পরদিন ২৫ ফেব্রুয়ারি জাতীয় দিবস এবং ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি ইরাকি আগ্রাসন থেকে মুক্ত হওয়ার কারণে দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে কুয়েত।
এরপর থেকে প্রতি বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারী নানা আয়োজনের মধ্য দিয়ে যথাক্রমে জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করে দেশটি।
দিবসটি উপলক্ষে কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি-বেসকারি ভবন, সড়ক, পার্ক, শপিং মল, বাসাবাড়িসহ সব জায়গা সাজানো হয়েছে লাল-সবুজ-সাদা ও কালো জাতীয় পতাকার রঙে। আলোকসজ্জায় সজ্জিত করা হয় বিভিন্ন স্থাপনা ও সড়ক।
কুয়েতের বিভিন্ন অঞ্চলে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় মেলা, নাচ, গান, অভিনয়, সার্কাস, যাদুসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই আনন্দ উপভোগ করতে প্রবাসী বাংলাদেশীরাও পিছিয়ে নেই। তারাও অনেক আবেগ আপ্লূত ও আনন্দিত।
তাছাড়া রাস্তায় পানি ছুড়াছুড়িসহ গাড়ীতে কুয়েতের পতাকা নিয়ে গালফ রোডসহ বিভিন্ন সড়কে উৎসবে মেতে উঠেন কুয়েতের আবালবৃদ্ধবনিতা সকলেই।
সিলেটভিউ২৪ডটকম/ আম্বিয়া/ শাদিআচৌ-০৪




