সিলেটের কানাইঘাট বড়দেশ আসাদুল উলুম মাদ্রাসার জমি সংক্রান্ত বিরোধের জেরে ছাত্র-শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কানাইঘাট বাজারে মানববন্ধন কর্মসূচি স্থগিত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল চারটায় কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন কওমি মাদ্রাসার আলেম-উলামাদের উপস্থিতিতে সংবাদ পাঠ করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ক্বারী হারুনুর রশিদ চতুলী।


তিনি বলেন, বড়দেশ আসআদুল উলুম মাদ্রাসা হচ্ছে পুর্ব সিলেট আযাদে দ্বীন আরবী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত। এ মাদ্রাসার একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। এরই জের ধরে গত ১৭ ফ্রেবুয়ারি ভোরে দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসা দখলের নেওয়ার চেষ্টা করে একটি পক্ষ। একপর্যায়ে তারা মাদ্রাসার নিরীহ ছাত্র-শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা করে তাদের আহত করে। এতে কওমি মাদ্রাসায় হামলার প্রতিবাদে তাৎক্ষণিক তৌহিদী জনতার ব্যানারে কানাইঘাটবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওইদিন পরবর্তী কর্মসূচি হিসাবে স্থানীয়রা শনিবার বিকাল ৩টায় কানাইঘাট বাজারে মানববন্ধনের আয়োজন করেন।

এরপর মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়। এতে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হলে প্রশাসন আগামী তিনদিনের মধ্যে মামলা নিষ্পত্তির আশ্বাস দিলে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচী আমরা স্থগিত করা হয়। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কানাইঘাটে পুর্ব সিলেট এদারার পক্ষ থেকে বিশাল গণমিছিল ও প্রতিবাদ সভার ডাক দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকীর, বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, মাদ্রাসার শিক্ষক মাওলানা আসআদ আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, মাওলানা হাফিজ নজির আহমদ, মাওলানা বদরুল ইসলাম আল-ফারুক, মাওলানা জুনেদ শামসী, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সিদ্দিক বিন মোহাম্মদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/পিুডি-০২