ভয় আর শঙ্কা কাটিয়ে অবশেষে পাকিস্তান সফরে গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৪ বছর পর পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে পাকিস্তান গেল অজিরা।
রোববার পাকিস্তান সফরে গিয়ে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, আমি অবিশ্বাস্য রকমের নিরাপদ অনুভব করছি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের সত্যিই ভালো খেয়াল রাখছে। আমাদের আসাকে কেন্দ্র করে অনেক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা বিমান থেকে নেমে সোজা হোটেলে চলে এসেছি।
কামিন্স আরও বলেন, আমাদের জন্য (হোটেলে) ভালো ব্যবস্থা রাখা হয়েছে, আমরা ম্যাচ ও অনুশীলন ছাড়া হোটেলেই থাকব। আমরা ভারতের মতো জায়গায় সফরের সময় খুব বেশি হোটেল থেকে বের হইনি। তাই এভাবে আমরা অভ্যস্ত। সবকিছু বেশ ভালো এবং চারপাশে অনেক পেশাদারদের পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান।
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্রথমবার পাকিস্তান সফরে গিয়ে বলেন, এখানে আসার আগে যে বিষয়গুলো আমরা নিখুঁতভাবে চেয়েছি তার মধ্যে শুধু নিরাপত্তাই নয়, জৈব-সুরক্ষা বলয়ও ছিল। প্রত্যেকেই দুর্দান্ত কাজ করেছে, তাই এখন কেবল আমরা ক্রিকেটে মনোনিবেশ করতে এবং ২৪ বছরে (এখানে) আমাদের প্রথম সফর উপভোগ করতে পারি।
সবশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। এবারের সফরে পাকিস্তানের মাঠে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপর একটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে উভয় দল।
শুক্রবার প্রথম টেস্টের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ১২ ও ২১ মার্চ শুরু হবে সিরিজের শেষ দুই টেস্ট। আর ২৯ ও ৩১ মার্চ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টির মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শেষ হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২১
সূত্র : যুগান্তর




