সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরি, সামিত শোম, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের নৈপুণ্যে ৪-০ গোলের বড় জয় পেয়েছে টমাস ডুলির দল। তাতে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা।
বুধবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশের বড় জয়ে বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ হয়ে যাচ্ছে ভুটান।
চূড়ান্ত হল সেমি-ফাইনালের লাইন-আপ। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ভুটান। বাংলাদেশ লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের।
বুধবার রাতের ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দিল আরও ২ গোল। স্বাগতিকদের চার গোলের ম্যাচে সবচেয়ে বেশি আলো কেড়েছেন ফারহান আলী ওয়াহিদ। ৫৩তম মিনিটে বক্সের বাইরে বল পেয়ে যেভাবে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়িয়েছেন, তা শুধু গোলের সৌন্দর্যেই নয়, দক্ষতার দিক থেকেও আলাদা করে মনে রাখার মতো। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে চারজন লঙ্কান খেলোয়াড়কে কাটিয়ে তাঁর নিখুঁত শট জালে জড়ালে শ্রীলঙ্কার প্রতিরোধের শেষ আশাটুকুও কার্যত শেষ হয়ে যায়। সতীর্থরা ছুটে এসে ঘিরে ধরেন তরুণ উইঙ্গারকে। বোরহামউড এফসিতে খেলা ফারহানের গোল দেখে মুগ্ধ হন অধিনায়ক হামজা চৌধুরীও।
ফারহানের গোলের আগেই ম্যাচে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছিল বাংলাদেশ। অষ্টম মিনিটে শামিত সোমের গোলে শুরু হয় স্বাগতিকদের গোল উৎসব। ডান প্রান্ত থেকে হামজার পাঠানো বল মুঠোয় রাখতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। ফিরতি বলে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয়বার আর সুযোগ নষ্ট করেননি সমিত।
এরপরও বাংলাদেশের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে লঙ্কানদের। ২৫তম মিনিটে ফারহানের লম্বা পাসে রাকিব হোসেনের হেড থেকে সুযোগ তৈরি হয়। গোলরক্ষককে সামনে পেয়ে হামজা পেছন দিকে চিপ করে বল পাঠানোর চেষ্টা করলেও লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর শট। তবে বিরতির আগে অধিনায়ককে আর আটকাতে পারেনি শ্রীলঙ্কা। ৪৪তম মিনিটে বাঁ দিক থেকে ডি-বক্সে ঢুকে জোরালো শটে দ্বিতীয় গোলটি করেন হামজা। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোলের খাতায় নাম লেখান তিনি।
শেষ দিকে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন রাকিব হোসেন। ৮৭তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড। এর মধ্যে ৩–০ ব্যবধানে এগিয়ে থাকতেই খেলোয়াড় পরিবর্তনের সুযোগ নেন কোচ থমাস ডুলি। মাঠ ছাড়েন কয়েকজন নিয়মিত খেলোয়াড়, সুযোগ পান শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও জামাল ভূঁইয়া।
সাফে নিজেদের ফেবারিট বলে আসা হামজার কথার জবাব এদিন দিয়েছে পুরো দল। দুই ম্যাচে ছয় পয়েন্ট, চার গোল এবং কোনো গোল হজম না করার আত্মবিশ্বাস নিয়ে এবার বাংলাদেশের সামনে পাকিস্তান বাধা।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৩




