ছবি: সংগৃহিত।

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জয়পুরহাট পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 


গ্রেফতারদের মধ্যে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন রয়েছেন। এ ছাড়া গ্রেফতারদের মধ্যে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরীও রয়েছেন বলে জানা গেছে।  

 

তবে গ্রেফতারদের স্বজনরা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারা নাশকতার উদ্দেশে নয়, কেবল পিকনিক করতেই সেখানে জড়ো হয়েছিলেন।

 

পুলিশের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেফতাররা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল জব্দ করেছে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

 

আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ জানান, নাশকতার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়। আক্কেলপুর থানার হাজতে স্থান সংকুলান না হওয়ায় পরবর্তীতে তাদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। গ্রেফতারদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৩