ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য ড্রেনের সীমানা নির্ধারণ এবং অবৈধ দখলমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। অবিলম্বে জরিপের মাধ্যমে ড্রেনের সীমানা চিহ্নিত করা হবে। কোথাও ড্রেন দখল করে স্থাপনা নির্মাণ করা হলে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

 


বুধবার (১১ নভেম্বর) সিলেট সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের দাড়িয়াপাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থা সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

 

এর আগে আব্দুল কাইয়ুম চৌধুরী দাড়িয়াপাড়া শাহ গওহর (রহ.) জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে এলাকার ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

 

পরিদর্শনকালে সিসিকের সহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম, ইবনে জাহান তানভীর, আলমগীর কুমকুম, এনাম চৌধুরী, শাহ আলম বাদশা, নুরুল ইসলাম লিমন, ইউসুফ মুন্না, নাসির উদ্দিন নাসিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯