সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, শাড়ি, কম্বল ও পানসহ ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বুধবার (১১ নভেম্বর) ভোর ও সকালে সুরাইঘাট ও গুয়াবাড়ী বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৮০ কেজি ভারতীয় জিরা, ৩০টি শাড়ি, ১৪টি কম্বল ও ৮০ বিড়া পান জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।
এ ছাড়া সকাল ৭টা ২০ মিনিটে জৈন্তাপুর উপজেলায় গুয়াবাড়ী বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৬ বিড়া ভারতীয় পান জব্দ করে। এসব পানের সিজার মূল্য ৩৮ হাজার ৪০০ টাকা।
দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা।
১৯ বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/আশিক-০৯




