গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলকে ঘিরে ফেলার চেষ্টা করছে রুশ সেনারা। তারা রেললাইন ও স্টেশনগুলোতে হামলা করছে যেন সাধারণ মানুষ বের না হতে পারেন। এমন দাবি করেছেন শহরটির মেয়র।
এ ব্যাপারে মারিউপোলের মেয়র ভাদইয়াম বোইচেনকো বলেন, হামলাকারীরা মারিউপোলকে ঘিরে ফেলার চেষ্টা করছে।
এ শহরে টানা ২৬ ঘণ্টা গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনারা। তারা চাইছে যেকোনোভাবে মারিউপোলের দখল নিজেদের অধীনে নিতে।
আর এমন অব্যাহত গোলাবর্ষণের কারণে এখন অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়েছে মারিউপোল। শহরটির মেয়র জানিয়েছেন, বাসিন্দারা খাবার, পানি এবং ওষুধের কষ্টে পড়েছেন।
হামলা শুরু হওয়ার পর থেকে ওই শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে তীব্র শীতের মধ্যে সাধারণ জনগণ হিটারও ব্যবহার করতে পারছেন না।
রাশিয়া মারিউপোল দখল নিতে এত মরিয়া হয়ে উঠেছে কারণ এতে করে দখলকৃত ডোনেস্ক দিয়ে সরাসরি ইউক্রেনের মূল সীমান্তে প্রবেশ করতে পারবে তারা।
আর রাশিয়ানদের এমন আগ্রাসী মনোভাবের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অবস্থা এমন যে তারা রাশিয়ানদের বিপক্ষে কোনো প্রতিরোধও গড়ে তুলতে পারছেন না আবার অব্যহত গোলাবর্ষণের কারণে শহরটি ছেড়ে পালাতেও পারছেন না।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৭
সূত্র : আল জাজিরা




