ছবি: সিলেট ভিউ।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করলে দেশে সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়তে পারত। তবে আমদানিকারকদের সঙ্গে আলোচনা করে এবং চাপ প্রয়োগের মাধ্যমে বর্তমান দাম বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং বাজার পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথাগুলো বলেন।
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। বিশেষ করে রমজানে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিয়েও আপাতত কোনো উদ্বেগ বা সংকটের আশঙ্কা নেই।’
বাজার স্থিতিশীল রাখার বিষয়ে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত, পণ্যের দাম সহনীয় ও স্থিতিশীল রাখা।’
ভোজ্যতেলের মূল্য প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সয়াবিন ও পাম অয়েল বাংলাদেশে উৎপাদিত হয় না। ফলে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের মূল্য ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও কমার সুযোগ তৈরি হয়, আবার সেখানে দাম বাড়লে স্থানীয় বাজারেও তার প্রভাব পড়ে। প্রচলিত মূল্য নির্ধারণের সূত্র অনুযায়ী হিসাব করলে সয়াবিন তেলের দাম বর্তমানে নির্ধারিত মূল্যের চেয়ে কিছুটা বেশি হওয়ার কথা। কিন্তু আমদানিকারকদের রাজি করিয়ে এখন পর্যন্ত দাম অপরিবর্তিত রাখা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে তাদের ওপর একধরনের চাপ প্রয়োগ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’
তেলের মূল্য নির্ধারণের হিসাব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের আনুষঙ্গিক ব্যয়, প্রক্রিয়াজাতকরণ খরচ এবং অপচয়ের পরিমাণ বিবেচনায় নিয়ে প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়। এ হিসাবের প্রতিটি ধাপই স্বচ্ছ এবং যে কেউ তা যাচাই করতে পারেন।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে আন্তর্জাতিক বাজারদর, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব মিলিয়ে নিজেরাই প্রতি লিটারের প্রকৃত খরচ নিরূপণ করতে পারবেন। এটি কোনো গোপন হিসাব নয়।’
এসময় অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালেক এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫




