ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ধরনের অনিয়ম, প্রতারণা কিংবা জালিয়াতি বরদাশত করা হবে না বলে কঠোর বার্তা দিয়ে হুঁশিয়ারি করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বা ‘আনফিট’ কর্মীকে জালিয়াতির মাধ্যমে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।

 


শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে কোনো খরচ ছাড়াই ইতোমধ্যে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে কাজের সুযোগ পেয়েছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি কর্মী দল দেশটিতে যাবে। বিদেশে থাকা প্রবাসীদের আইনি জটিলতা নিরসনে সহায়তা দিতে একটি ল ফার্ম গঠনের কাজও এগিয়ে চলছে।

 

প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘বিদেশে যুদ্ধ, দুর্ঘটনা কিংবা অন্য কোনো কারণে প্রবাসী কর্মীর মৃত্যু হলে তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। এ ক্ষেত্রে বৈধ-অবৈধ কিংবা বিএমইটি কার্ডধারী-কার্ডবিহীন কোনো প্রবাসীকেই সহায়তার বাইরে রাখতে চায় না সরকার। দেশে মরদেহ পৌঁছানোর পর প্রত্যেকের পরিবারকে দাফন বা সৎকারের জন্য ৩৫ হাজার টাকা করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

উল্লেখ্য, প্রচলিত নিয়মে বৈধ পাসপোর্ট ও বিএমইটি নিবন্ধন না থাকলে বিদেশে মারা যাওয়া অনিয়মিত কর্মীদের পরিবার সরকারি আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হয়। এমনকি দাফন-কাফনের খরচও অনেক ক্ষেত্রে নিজেদের বহন করতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে সব প্রবাসীর মরদেহ দেশে দাফন বা সৎকারের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছিল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব।

 

প্রবাসীদের সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ‘সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে প্রবাসীদের সমস্যা নিয়ে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কেও অনুরোধ জানানো হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল রাখার ব্যবস্থাও করা হচ্ছে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলারও পরামর্শ দেন তিনি।’

 

বৃহত্তর সিলেটের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকা সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। জাফলং ও তামাবিলের পর্যটন সুবিধা বাড়াতে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, যা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। এ ছাড়া সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে।’

 

শিক্ষার্থীদের সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, ‘শুধু অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হতে দেওয়া হবে না। তাঁর দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরুল হাসান তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদ, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন।

 

এ সময় জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী। ধন্যবাদ জানান সদস্য সচিব জাকির হোসেন। দ্বিতীয় পর্বের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক তোফায়েল খান। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, বৃহত্তর জালালাবাদ অঞ্চলের উন্নয়ন এবং দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮