সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের পূর্ব ইব্রাহিমপুর গ্রামের ৯টি ভূমিহীন পরিবার ডিসি খতিয়ানের বন্দোবস্তকৃত তাদের ৪৫০ শতক জায়গা জোর পূর্বক দখলের অভিযোগ তুলেছেন।

তাদের অভিযোগ স্থানীয় (সুরমা) ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা তাদের বন্দোবস্তকৃত জায়গাটুকু জোরপূর্বক দখল করে রেখেছেন।


এর প্রতিবাদে বুধবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধন করেছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা।

ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্যে রাখেন- সুরমা ইউনিয়নের পূর্ব ইব্রাহিমপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মো. আব্দুল হান্নান, অঙ্গুরা বেগম, আব্দুল করিম, জুনাব আলী, জায়েদা খাতুন, দিলারা বেগম, রেজিয়া বেগম, মইনুল হক, শাহ আলম, ওয়াহিদুল হক, রুপচান বেগম প্রমুখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জ ডিসির খতিয়ানের বিভিন্ন দাগের প্রায় ৪৫০ শতক পতিত ভূমি আনুমানিক ২২ বছর পূর্বে তারা বন্দোবস্ত নেন। কিন্তু সুরমা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আমির হোসেন রেজা উনার ক্ষমতাবলে দীর্ঘদিন ধরে এই বন্দোবস্তকৃত জায়গাটুকু জোরপূর্বক দখল করে রেখেছেন।

তারা বলেন, তাদের জায়গা জমি নেই, তারা গৃহহীন বলেই সরকার বাহাদুর থেকে ঐ খাস জায়গাটুকু বন্দোবস্ত নিয়েছিলেন। অবিলম্বে তাদের দখলকৃত জায়গা উদ্ধার করে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপে কামনা করেন তারা। এর আগে চলতি বছরের ২মার্চ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের নিকট এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা।

এ বিষয়ে মোবাইল ফোনে সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন রেজার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা মানবন্ধন করেছে এ ব্যাপারে আমার জানা নাই। আমি একটি মিটিংয়ে আছি। বিষয়টি জেনে পরবর্তীতে কথা বলব।

 

সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-১৮