দেশে বেড়েছে নিত্যপণ্যের দাম। এর মধ্যে সবচেয়ে আলোচনায় সয়াবিন তেল। যার প্রভাব পড়েছে জনজীবনে। এবার তেলের প্রভাব পড়েছে খাদ্য দ্রব্যের ওপর।

তাই সকালের নাস্তা খেতে অতিরিক্ত খরচা করতে হবে ফেনীবাসীর। কারণ, শহরে চা, রুটি ও পরোটার দাম বাড়িয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি।


ফেনী রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নুরুন্নবী এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার কবির শাহজাদা স্বাক্ষরিত মূল্য তালিকা দেখা যাচ্ছে ফেনীর শহরের দোকানে দোকানে।

নুতন মূল্য তালিকায়, প্রতিটি রুটি, পরোটা এবং প্রতিকাপ চায়ের দাম ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এগুলোর মূল্য আগে ১২ টাকা করে ছিল। সুতারং সকালের নাস্তায় কেউ চা-রুটি বা চা পরোনা নিলে তাকে আগের থেকে ৬ টাকা অতিরিক্ত গুনতে হবে।

ওই নোটিশে ১০ প্রকারের নাস্তার দাম বাড়ানো হয় সিঙ্গারা ও সামুচার দাম নির্ধারণ করা হয় ১০ টাকা। এ ছাড়া মোগলাই ৪০ টাকা, ডিম ২৫ টাকা, ডাল-ভাজি ২৫ টাকা, গরু সিঙ্গেল ১২০ টাকা ও চিকেন বিরিয়ানী ১৬০ টাকা নির্ধারণ করা হয়।

গত ৭ মার্চ নতুন এই মূল্য তালিকা স্বাক্ষর করেন জেলা রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। তবে গতকাল (বুধবার) থেকে দোকানে দোকানে সাঁটানো হয় নতুন এই মূল্য তালিকা।

দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে হোটেল রেস্তোরাঁ খাতের ব্যবসায়ীদের টিকে থাকার কথা বিবেচনা করে খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে নতুন মূল্যতালিকায় উল্লেখ করা হয়েছে। সকল রেস্তোরাঁ মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়।

ফেনী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আবছার কবির শাহজাদা জানান, তেল, আটা, চিনি, ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে বৈঠকে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৩


সূত্র : যুগান্তর