বাজারমূল্যকে তোয়াক্কা না করে প্রতি লিটার সয়াবিন তেলে ৩০ টাকা ভর্তুকি দিয়ে দরিদ্র মানুষের কাছে বিক্রি শুরু করেছেন উদ্ভাবক মিজানুর রহমান। বাজার থেকে লিটার প্রতি ১৮০ টাকা দরে সয়াবিন তেল কিনে গরিব ও অসহায় মানুষের মাঝে ১৫০ টাকায় বিক্রি করে নাভারণ-সাতক্ষীরা মোড়ে অভিনব প্রতিবাদ জানান মিজান।
১০০ লিটার তেল গরিব মানুষের মাঝে বিক্রি করে এ কার্যক্রম শুরু করেন যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মিজান। এ সময় বাজার ছাড়া ৩০ টাকা কম পেয়ে তেল কিনতে আসা লোকজন মিজানের এমন কাজকে স্বাগত জানায়।
মিজানুর রহমান বলেন, যারা অবৈধভাবে তেল মজুদ করে নিত্যপণ্যের বাজারে কৃত্রিমতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, বাজারে তেলের চাহিদা মেটাতে ডিলার বা পাইকারদের এখনই মানবিকতার পরিচয় দেওয়ার সময় এসেছে।
এদিকে যত দিন তেলের বাজারদর ঊর্ধ্বর্মুখী থাকবে তত দিন পর্যন্ত এভাবে বাজারমূল্য ছাড়া কম দামে তেল বিক্রি করা হবে বলে জানান উদ্ভাবক মিজানুর রহমান। এ ছাড়া এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৭
সূত্র : কালের কণ্ঠ




