উন্নয়নকাজ শেষে সিলেট নগরীর অন্যতম ও জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো হয়েছে প্রশস্ত। তবু নগরীর সড়কে ফিরছে না শৃঙ্খলা। রাস্তায় একটু যানজট দেখা দিলেই অনেকে গাড়ি নিয়ে ওঠে যান ফুটপাতে। বিশেষ করে মোটরসাইকেল চালকরা এমন কাণ্ড করে থাকেন বেশি। এতে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। সোমবার (১৪ মার্চ) চৌহাট্টা পয়েন্টে কিছুক্ষণ দাঁড়িয়ে এমন দৃশ্য দেখা যায়।

নগরীর চৌহাট্টা-রিকাবীবাজার সড়কটি দুই লেনের। একটি লেন রিকাবীবাজার যাওয়ার, অন্যটি রিকাবীবাজার থেকে চৌহাট্টায় আসার। কিন্তু রিকাবীবাজার থেকে চৌহাট্টায় আসার লেনের ফুটপাত দিয়ে বেশিরভাগ সময়ই রিকশা-মােটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। এর ফলে প্রায়ই সৃষ্টি হয় যানজটের। এছাড়া ঘটছে ছােটখাটো দুর্ঘটনাও। চৌহাট্টা পয়েন্টে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশও এ বিষয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করে।


এভাবেই আইন অমান্য করে ফুটপাত দিয়ে মোটরসাইকে চালিয়ে এক বেসরকারি চাকরিজীবি রিকাবিবাজার থেকে চৌহাট্টার দিকে আসছিলেন। সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে তার সঙ্গে কথা বললে তিনি এ প্রতিবেদককে বলেন, দেখুন- চৌহাট্টা পয়েন্টে কী যানজট। এই যানজট কমার অপেক্ষা করলে এক ঘণ্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। তাই শর্টকাট মেরে দিলাম।

এটা তো আইন অমান্য করা হয়ে গেলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- অনেকেই তো এমন করছে। আমি করলে আর দোষ কী?

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের সিলেটভিউ-কে বলেন, বিষয়টি এসএমপি'র ট্রাফিক বিভাগকে অবগত করবো। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি বলেন, তবে মানুষকেও নিজে থেকে সচেতন হতে হবে। তা না হলে সড়কে শৃঙ্খলা ফেরানো কঠিন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম