হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন। সম্মিলিত সামরিক হাসপাতা (সিএমএইচ) থেকে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তিনি ঢাকাস্থ বাসায় ফেরেন।

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।


তিনি জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় ও তাঁর শরীরের প্রয়োজনীয় চেকআপের ফলাফল সন্তোষজনক হওয়ায় চিকিৎসকদের সিদ্ধান্তে মঙ্গলবার দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করেন। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।

এর দুইদিন আগে রবিবার (১৩ মার্চ) রাষ্ট্রীয় সফর শেষে তুরস্ক থেকে ফেরার পথে তিনি বিমানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন,সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নামার সাথে সাথে তাকে সরাসরি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যাওয়া হয়।সেখানে দুইদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্হ হয়ে বাসায় ফিরেছেন।

পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন বলেন, পররাষ্ট্রমন্ত্রীর অসুস্থতার খবর শুনে দেশ-বিদেশের যারা খোঁজ-খবর নিয়েছেন, তাঁর সুস্হতা কামনা করে দোয়া করেছেন, পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

উল্লেখ্য, রোববার (১৩ মার্চ) তুরস্ক থেকে বাংলাদেশে আসার পথে প্লেনের ভেতর পররাষ্ট্রমন্ত্রী অসুস্থবোধ করেন। পরে ওইদিন বিকেল তিনটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ৭ মার্চ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখান থেকে তুরস্কে দ্বিতীয় আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক গোলটেবিল বৈঠকে যোগ দিতে শুক্রবার আমিরাত থেকে আঙ্কারায় পৌঁছান ড. মোমেন।

তুরস্ক থেকে আসার পথে ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে পড়েন পররাষ্ট্রমন্ত্রী। তার নিয়মিত ঘুম হয়নি। তুরস্কে ঠান্ডা ছিলো, দুবাইয়ে তাপমাত্রা বেশি ছিলো। এসব কারণে তিনি অসুস্থবোধ করেন। তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরপরই তাঁকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। দুই দিনের টানা চিকিৎসা শেষে আজ দুপুরে তিনি বাসায় ফেরেন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম