পিরোজপুরের মঠবাড়িয়ায় পরকীয়ায় বাধা দেওয়ায় আয়েশা আক্তার (৩০) নামে তিন সন্তানের জননীকে হাতুড়িপেটা করে খুন করেছে স্বামী মামুন (৩৬)। সোমবার বিকালে মঠবাড়িয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের রূপনগর এলাকায় এ হাতুড়িপেটার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী মামুনকে (৩৬) মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে। তিনি ওই এলাকার রফিকুল ইসলাম বাচ্চুর বাসার ভাড়াটিয়া ও পৌর শহরে ফার্নিচার ব্যবসায়ী।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্নিচার ব্যবসায়ী মামুন এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে মামুনের স্ত্রী আয়েশা বাধা দেওয়ায় মামুন তাকে প্রায় সময়ই মারধর করত। সোমবার বিকালে এ পরকীয়ার জেরে পুনরায় ঝগড়া বিবাদ দেখা দিলে ঘাতক মামুন লোহার হাতুড়ি দিয়ে স্ত্রী আয়েশাকে আঘাত করে।
পরে স্বজনরা আয়েশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর আয়েশা মারা যান।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় নিহত আয়েশার মা মমতাজ বেগম বাদী হয়ে ঘাতক মামুনসহ দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক মামুনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৩
সূত্র : যুগান্তর




