সয়াবিন তেল নিয়ে তেলেসমাতি থামছেই না। তবে এবার দাম নিয়ে নয়। সয়াবিন তেলের প্রমোশন হলো পুরস্কার হিসেবে। ক্রিকেট খেলার পুরস্কার হিসাবে ট্রফি কিংবা ক্রেস্টের বদলে স্থান পেয়েছে সয়াবিন তেল। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিজয়ীদের মধ্যে এই অভিনব ও ব্যতিক্রম উদ্যোগ হিসেবে সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।

শনিবার সিলেটের ওসমানীনগর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচ শেষে ব্যতিক্রম এই পুরস্কার বিতরণ করা হয়। খেলায় চ্যাম্পিয়ান ও রানারআপ দলসহ কয়েকটি ক্যাটাগরি সকল পুরস্কারই রাখা হয় সয়াবিন তেল। ভিন্ন পুরস্কারের এই ফাইনাল খেলা ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত হতে লোকজন জড়ো হন মাঠে।


আব্দুল্লাহপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ খেলতে নামে লিজেন্ডস অফ বাংলাবাজার ও জাগ্রত ক্রিকেট একাদশ। বিকেল তিনটার দিকে শুরু হওয়া ম্যাচে টসে জিতে লিজেন্ডস অফ বাংলাবাজারকে ব্যাটিংয়ে পাঠায় জাগ্রত ক্রিকেট একাদশ। ১৪ ওভারের খেলায় সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৭৯ রান। মাত্র ১১ ওভার ৩ বল খেলে ৪ উইকেটে হাতে রেখে ৮০ রানের লক্ষ্যে পৌঁছায় জাগ্রত ক্রিকেট একাদশ।

খেলা শেষে চ্যাম্পিয়ান দল জাগ্রত ক্রিকেট একাদশের প্রত্যেক খেলোয়াড়কে জনপ্রতি ১ লিটার এবং রানার্সআপ লিজেন্ডস অফ বাংলাবাজার দলের প্রত্যেককে আধা লিটার করে সয়াবিন তেল পুরস্কার দেওয়া হয়। সর্বোচ্চ রান সংগ্রহ করায় কয়েছ আহমদ, সর্বোচ্চ উইকেট নেয়ায় এমদাদ হোসেন এবং শামক হোসেন পুরস্কার হিসেবে লাভ করেন আধা লিটার করে সয়াবিন তেল। এছাড়াও সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য ম্যাচের দুই আম্পায়ার হাবিবুর রহমান সেতুল ও আবুল কাশেমকে আধা লিটার করে সয়াবিন তেল উপহার দেয়া হয়।

পুরস্কার হিসেবে সয়াবিন তেল রাখার প্রসঙ্গে আয়োজকরা জানান, অস্বাভাবিকভাবে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ট্রফি কিংবা ক্রেস্টের বদলে সয়াবিন তেল রাখা হয়েছে।

টুনামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উফস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন আহমদ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতালী প্রবাসী মুক্তার আহমদ, দিলোয়ার রহমান, দুবাই প্রবাসী জুবেল মিয়া, সাদিপুর ইউনিয়নের ৩ ওয়ার্ডের ইউপি সদস্য খালিছ মিয়া।

সিলেটভিউ২৪ডটকম / আরপি / পিডি / ডি.আর