গত সোমবার (২১ মার্চ) সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র থে‌কে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। পরবর্তীতে সৃষ্টি হয় একের পর নাটকীয় পরিস্থিতির

ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের অস্বচ্ছতার প্রশ্ন তোলা, ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন, ‘কেন্দ্রের চাপে’ কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী সিলেট সিটি করপোরেশরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা প্রত্যহার এবং নমিনেশন যাচাই-বাছাই করে একেবারে শেষ মুহুর্তে দুই প্রার্থী অবৈধ ঘোষণা করাসহ পরিস্থিতি নানা নাটকীয় মোড় নেয়। তবে সবকিছু ছাপিয়ে অবশেষে আজ (বুধবার- ২৩ মার্চ) কাউন্সিল ও সম্মেলনের পুনঃতারিখ ঘোষণা করবে কেন্দ্র। এ সংক্রান্ত একটি চিঠি জেলা বিএনপির করছে আজ বিকেলে আসার কথা রয়েছে। বিষয়টি সিলেটভিউ-কে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গফফার।


তবে দলীয় একটি সূত্র জানিয়েছে, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির বহুল প্রত্যাশিত সম্মেলন ও কাউন্সিল। চিঠিতে ২৯ তারিখের কথাই উল্লেখ করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, সম্মেলন ও কাউন্সিলের জায়গা পরিবর্তন হয়নি। অর্থাৎ- সিলেট আলিয়া মাদরাসা মাঠেই হবে তা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ে লক্ষ্যে মঙ্গলবার (২২ মার্চ) নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গফফারের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এটিএম ফয়েজ, শাহ জামাল নুরুল হুদা, মঈনুল হক চৌধুরী ও সামিয়া চৌধুরী।

সভায় প্রার্থীদের নমিনেশন ফরম ও ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এছাড়াও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদন করলে সভায় তা গৃহীত হয়।

সিলেটভিউ২৪ডটকম / ডালিম