দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের হরতালের তেমন প্রভাব নেই সিলেট নগরীতে। কর্মদিবসে অন্য দিনের মতোই সকাল থেকে রাস্তায় ছিল অফিসগামী মানুষের ভীড়। সড়কে গাড়ির চাপে অনেক জায়গায় যানজট হয়েছে অন্যদিনের মতো। তবে দীর্ঘদিন পর ডাকা হরতালের সকালে বাম জোটের নেতাকর্মীরা সিলেট নগরীর কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল করেছে।


সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলছে বাম জোটের হরতাল। হরতালের সকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা কয়েকটি এলাকায় বামজোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন।


এদিকে হরতালকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির তৈরি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।


সকাল দশটার দিকে তারা যানবাহনে চলাচলে বাধা দেয়ার চেষ্টা করলেও তাতে সফল হননি। পরে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশ এলাকায় পুলিশ অবস্থান নিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।

এর আগে দিনের শুরুতে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের দলগুলোর নেতাকর্মীরা মিছিল বের করেন।


মিলাদ হোসেন নামের একজন বেসরকারি চাকরিজীবী বলেন, ‘হরতাল ডাকা হলেও তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। অন্য দিনের মতোই রাস্তাঘাট ব্যস্ত। জিন্দাবাজার অফিসে যাওয়ার পথে তাকে কিছু জায়গায় যানজটে পড়তে হয়েছে।’

অপর আরেক চাকরিজীবী জানান, আজকে যে হরতাল তা তার জানা ছিলো না।

সিলেটভিউ২৪ডটকম/পিডি