সুনামগঞ্জের তাহিরপুরে পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত ৫ জনকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থা আশংকাজনক হওয়ায় বোরখাড়া গ্রামের ফজলুল হককে (৪৫)  ঢাকা পিজি হাসপাতালে, রাসেল মিয়াকে (১৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ও শহিদুল্লাহ (৪০), মেরাজুল ইসলাম (৩০), সুমনকে (১৭) কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। তাদের প্রতিপক্ষের কাসেম ও ফখর উদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। বুধবার সন্ধায় এই ন্যাক্কারজনক ঘটনাটি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরখাড়া গ্রামে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে উপজেলার বাদাঘাট বাজারে সাপ্তাহিক খেলার পাওনা ৫’শ টাকা রাসেল মিয়া প্রতিপক্ষ বারহাল গ্রামের ফখর উদ্দিন ও হোসেন মিয়াকে দিতে বলে। ফখর উদ্দিন ও হোসেন মিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথাকাটাকটি হয়। একপর্যায়ে রাসেল মিয়া টাকা না পেয়ে বাড়িতে চলে যায়। এরই জের ধরে সন্ধ্যায় ফখর উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বোরখাড়া গ্রামে গিয়ে রাসেল মিয়ার পরিবারের লোকজনের উপর আক্রমন করে একই পরিবারের ৫ জনকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। পরে গ্রামবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এসময় প্রতিপক্ষের আবুল কাসেম (৫৫) ও ফখর উদ্দিনও (৩০) আহত হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, মাত্র ৫’শ টাকা দেনাপাওনা নিয়ে বোরখাড়া গ্রামে অমানবিক ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মজিবুর রহমান বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে চেষ্টা করছে।

সিলেটভিউ২৪ডটকম/পিডি