ক্রনিক কিডনি রোগে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মুজিবুর রহমান রুপকের চিকিৎসার্থে ত্রিশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করলো ওই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'আজ মুক্তমঞ্চ'।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাদনান রহমান শিখন।


তিনি বলেন, ক্রনিক কিডনী রোগে আক্রান্ত মুজিবুর রহমান রুপকের কিডনী প্রতিস্থাপনের জন্য ৫০লক্ষ টাকা প্রয়োজন। যা রুপকের পরিবারের পক্ষে ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। সেই পরিস্থিতিতে "আজ মুক্তমঞ্চ" একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে ৩০ হাজার টাকা সংগ্রহ করতে পারি আমরা। গত বুধবার (৬ এপ্রিল) লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল ইসলামের কাছে রূপকের চিকিৎসার্থে এই টাকা হস্তান্তর করা হয়েছে।

শিখন জানান, রূপকের চিকিৎসা ফান্ডে অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য গত ২১ শে মার্চ তাদের সংগঠন 'ফাল্গুন শেষে' নামের একটি অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্যাম্পাসের পরিচিত মুখ "চৈতন্য রাজবংশী" পরিচালিত স্বল্পদৈর্ঘ্য এর প্রামাণ্যচিত্র "মাটিশ্বর"। সাথে "আজ মুক্তমঞ্চের" সাংস্কৃতিক পরিবেশনাও ছিলো। অনুষ্ঠানের আগে দর্শকদের কাছে টিকিট বিক্রি করেন তারা । এ থেকে ৩০ হাজার টাকা সংগ্রহ করতে পারেন তারা। সংগ্রহ সব অর্থই রূপকের চিকিৎসা ফান্ডে হস্তান্তর করা হয়েছে।

সিলেটভিউ২৪ডিটকম / মাসুদ / ডি.আর