সিলেট অঞ্চলে অনেক রিসোর্স থাকার পরেও পিছিয়ে রয়েছে, এ অঞ্চলের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও সাধারণ সভায় অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসব কথা বলেন।
শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সিলেট অঞ্চল উন্নয়ন অবকাঠামোতে সারা দেশের চেয়ে পিছিয়ে আছে। সারা বাংলাদেশের সড়ক যোগাযোগ যতটা না ভালো, তার বিপরীত চিত্র সিলেটে। সিলেটের উন্নয়নে যারা এমপি, মন্ত্রী আছেন তাদেরকে আরো তৎপর হতে হবে।
সিলেট বিভাগের প্রয়াত সাংবাদিকদের স্মরণ করে নাদেল বলেন, পীর হাবিবুর রহমান, হাসান শাহরিয়ার সারা বাংলাদেশ মানুষের কাছে এক নামে পরিচিত। তারা সকলের কাছে গ্রহণযোগ্য ও সম্মানিত ছিলেন। ঢাকাস্থ সিলেটের গণমাধ্যমকর্মীরা এ শূন্যতা পূরণ করবেন। আঞ্চলিকতার গণ্ডি ছাড়িয়ে সারা দেশের মানুষের মাঝে অবস্থান তৈরি করবেন।
এসময় তিনি সিলেট বিভাগ সাংবাদিক সমিতির মাধ্যমে বিভাগের সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে এবং অঞ্চলের সার্বিক উন্নয়নে সংগঠনটি ভূমিকা রাখার একটি প্লাটফর্ম হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভপতি আজিজুল পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝর্ণা মনি’র সঞ্চালনায় ইফতার মাহফিল ও সাধারণ সভায় সিলেট বিভাগের অর্ধশতাধিকেরও বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/কেআরএস/এসডি-২১




