মৌলভীবাজারের কমলগঞ্জে পতনউষারে এলজিইডির সড়কের উপর দীর্ঘদিন ধরে টং দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। 

শহীদনগর বাজারে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের মোড়ে সরকারি মেইন রাস্তার উপর টং দোকান বসানোর ফলে স্কুল-কলেজ শিক্ষার্থীসহ সর্বসাধারণের চলাচলের রাস্তায় মারাত্মক ভোগান্তি হচ্ছে। 


এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।

সরেজমিন খেঁজি নিয়ে জানা যায়, পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের মোড়ে সরকারি মেইন রাস্তার উপর পতনঊষার ইউয়িনের মনসুরপুর গ্রামের মো: ছহীদ উল্যা ও মো: রইছ উল্যা গংরা দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার উপর অবৈধভাবে একটি টং দোকান বসিয়ে সর্বসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। বর্তমানে এই টং দোকানের পাশ দিয়ে এলজিইডির অর্থায়নে একটি ড্রেন নির্মাণের কাজ চলছে। টং দোকানটি দ্রুত অপসারণ না করলে যেকোনো মুহুর্তে দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।

এ ঘটনায় জনস্বার্থে শহীদনগর বাজারের মো. মুজিবুর রহমান বাদশা জরুরী ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনপূর্ব্বক সরকারি মেইন রাস্তার উপর বিনা লিজের টং দোকান অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন প্রদান করেন। 

এ ব্যাপারে টং দোকানের মালিক মো. ছহীদ উল্যা ও মো. রইছ উল্যা গংদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারবার তাগিদ দেয়া স্বত্তেও অবৈধ দখলদাররা দোকান অপসারণ না করায় প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত টং দোকান অপসারণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্তক্রমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৫