টানা দুই বছরের চারটি ঈদ ছিলো নিরানন্দের। চারদিকে ছিলো এক অজানা আতঙ্ক। ঈদের দিনও ভয়ঙ্কর ভাইরাস কেড়ে নিতো মানুষের প্রাণ। তবে এবারের ঈদ করোনার জিঞ্জিরমুক্ত। নেই প্রাণঘাতি ভাইরাসটির চোখ রাঙানি। তাই সিলেটে এবারের ঈদুল ফিতর উদযাপিত হবে বাঁধভাঙা আনন্দে। 

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ মঙ্গলবার (৩ মে)। আজ খুশি, আনন্দ আর উচ্ছ্বাসের দিন। করোনা মহামারির দুঃসময় পেছনে ফেলে শঙ্কাহীন ঈদ উদযাপন করবেন সিলেটবাসী। বিধি-নিষেধ না থাকায় এবার ঈদগাহগুলোতে জামাত অনুষ্ঠিত হবে। আগের মতোই নামাজ শেষে মুসল্লিরা করবেন কোলাকুলি ও করমর্দন।


এবারের ঈদ আনন্দপূর্ণ হওয়ায় ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি বাজিয়েছেন ঈদুল ফিতরের আগের রাতে অনেকে। খুশিতে কেউ কেউ আবার ফুটিয়েছেন আতশবাজিও।

বিধি-নিষেধ না থাকায় এবার ঈদে আপনজনের পাশে থাকতে সিলেট নগরী ছেড়ে গ্রামে ছুটে গেছেন অনেকে। এবার তারা পরিবার ও স্বজনদের পাশে পেয়ে বেজায় খুশি। 

এদিকে, সিলেট মহানগরীতে এবার পবিত্র ঈদুল ফিতরের মোট ৪৪৪টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিভিন্ন মসজিদে ৩৫৩টি ও ঈদগাহে ৯১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি সিলেট মেট্রোপলিটন (এসএমপি) সূত্র নিশ্চিত করেছে।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জানান, সিলেট মহানগরীর ৬টি থানা এলাকায় পবিত্র ঈদুল ফিতরের মোট ৪৪৪টি জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন সেজন্য আজ সকাল সাড়ে ছয়টা থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখবে পুলিশ। 

জানা গেছে, সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক (বরুণী)। 

শাহজালাল দরগাহ মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন দরগাহ মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী। নামাজে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ।

সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ঈদুল ফিতরের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজ ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।

বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে।  এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথমটি, সাড়ে ৮টায় দ্বিতীয়টি ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে।

পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

টিলাগড় মাদানী ঈদগাহে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

নগরীর রেজিস্টারি মাঠেও ঈদের জামাত। সেখানে সকাল ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে।

সিলেট জর্জ কোর্ট জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

মদিনা মার্কেট জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম