সারা বিশ্বের মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বিশ্বের প্রায় সর্বত্রই মুসলিমরা সহিংসতার শিকার হচ্ছেন।
প্রেসিডেন্ট বাইডেন সোমবার জোর দিয়ে বলেছেন যে, যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করে তুলতে প্রতিনিয়ত কাজ করছেন মুসলিমরা। কিন্তু তারা যে সমাজে বাস করেন সেখানে নানা ধরনের চ্যালেঞ্জ এবং হুমকির সম্মুখীন হতে হচ্ছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হোয়াইট হাউজের একটি সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেন বলেন, তিনি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার জন্য প্রথম কোনো মুসলিমকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন।
তিনি বলেন, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আজ সারা বিশ্বে আমরা দেখছি যে, বহু মুসলিমকে সহিংসতার লক্ষ্যবস্তু করা হচ্ছে। কাউকেই তার ধর্মীয় বিশ্বাসের জন্য তার প্রতি বৈষম্য করা বা নিপীড়ন করাটা মোটেও উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।
বাইডেন বলেন, আজ উইঘুর এবং রোহিঙ্গাসহ যেসব লোকজন এই পবিত্র দিনটি উদযাপন করতে পারছেন না এবং যারা দুর্ভিক্ষ, সহিংসতা, সংঘাত এবং রোগব্যাধীর কারণে কষ্ট পাচ্ছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা।
তিনি বলেন, বিশ্বের প্রতি আশা এবং উন্নয়নে আশাবাদ ব্যক্ত করে আমরা সব ধরনের সংকটের সমাধান চাই। যুদ্ধবিরতির কারণে ছয় বছরের মধ্যে প্রথমবার ইয়েমেনের জনগণ এবার শান্তিতে রমজান পালন ও ঈদ উদযাপন করতে পেরেছেন। আমরা সারা বিশ্বেই শান্তি চাই।
ঈদের বার্তায় মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ বাইডেনের
তিনি আরও বলেন, তবে একই সঙ্গে আমাদের স্বীকার করতে হবে যে, সারা বিশ্বেই আমাদের অনেক কাজ করা বাকি রয়েছে। মুসলিমরা আমাদের দেশকে শক্তিশালী করে তুলতে কাজ করছেন। কিন্তু তারা এখনও আমাদের সমাজে প্রতিনিয়ত চ্যালেঞ্জ এবং হুমকির সম্মুখীন হচ্ছেন। তারা সহিংসতার লক্ষ্যবস্তু হচ্ছেন এবং ইসলামভীতির কারণে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে আরও ন্যায়সঙ্গত করে গড়ে তুলতে মুসলিম আমেরিকানদের আরও বেশি বিভিন্ন ক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে হবে। বিভিন্ন সংগঠনকে আরও উপযুক্ত করতে এটা খুবই অপরিহার্য।
তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে আমরাই একমাত্র জাতি যারা ধর্ম, জাতি বা ভৌগলিক অবস্থানের ভিত্তিতে নয় বরং একটি ধারণার ভিত্তিতে সংগঠিত হয়েছি। আর সেই ধারণা সম্পর্কেই আমাদের ভাবা উচিত।
ওই অনুষ্ঠানের পর এক টুইট বার্তায় বাইডেন বলেন, আজ রাতে হোয়াইট হাউজে ঈদুল ফিতরের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে পেরে ফার্স্ট লেডি জিল বাইডেন এবং আমি সম্মানিত হয়েছি। সারা বিশ্বের সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক! মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭
সূত্র : জাগোনিউজ




