ফাইল ফটো

চলতি মাসেই বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। আসামে অনুষ্ঠেয় বৈঠকে আঞ্চলিক কানেকটিভিটি ও শক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান।


জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক হচ্ছে নাকি শুধু দ্বিপক্ষীয় বৈঠক- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে।


‘পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংঘাত, যুদ্ধ-বিগ্রহ চলছে। এই পরিপ্রেক্ষিতে আমরা আঞ্চলিক কানেক্টিভিটি ও শক্তি কীভাবে বাড়াতে পারি, সেটি নিয়ে আমরা আলোচনা করছি এবং আগামীতে আরও করব।’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।


সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে এ নিয়ে আলোচনাও হয়েছে বলে জানান মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেন ইস্যুসহ যুদ্ধ বিগ্রহ পরিস্থিতিতে সবাই ঝামেলায় পড়ে গেছে। সে জন্য আমাদের দিকে তাকাচ্ছে বেশি করে। আমরা আরও আঞ্চলিক বৈঠক করব।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পরে আমরা অন্যদের সঙ্গে কথা বলবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, ‘পুরো অঞ্চলের উন্নতি হলে উন্নয়ন টেকসই হবে।’

সূত্রমতে, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক চলতি মাসের ২৭-২৯ তারিখ আসামের রাজধানী গুয়াহাটিতে হবে।


বাংলাদেশের কাছে উত্তর-পূর্বাঞ্চলকে ফোকাস করতে চায় ভারত। গত কয়েক বছর ধরেই এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের কানেকটিভিটি বাড়ানোর চেষ্টা চলছে। এ কারণেও ওই অঞ্চলে বৈঠকের আয়োজন করা হচ্ছে।


উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর। সে সময় জয়শঙ্কর মোমেনকে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ভারত সফরের আমন্ত্রণ জানান।


সিলেটভিউ২৪ডটকম/পিডি


সূত্র : ঢাকাটাইমস