কুমিল্লায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

সোমবার (৯ মে) দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে স্টেশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মজুমদার।

তিনি জানান, বুড়িচংয়ের রাজাপুর রেললাইনে উল্টে যাওয়া মালবাহী ট্রেনের তিনটি বগি উদ্ধার ও রেললাইন মেরামত শেষে দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর সাড়ে ৩টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের আউটারে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ৪টার দিকে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। পরে দুপুর দেড়টার দিকে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


সিলেটভিউ২৪ডটকম / এনবি২৪ / ডালিম