সিলেট নগরের লালদিঘিরপারে দুটি দোকানকোঠার ভাড়া বকেয়া রেখে দুই ভাড়াটে অন্যজনের কাছে দোকানকোঠা ভাড়া দিয়েছেন। এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। 

জানা যায়, আমেরিকা প্রবাসী সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরীর নগরীর লালদিঘিরপারের বি ব্লকে ১৩৪ ও ১৩৫ নম্বর দুটি দোকানকোঠা রয়েছে। ২০১৭ সালের ২৩ আগস্ট তিনি এই দুটি দোকানকোঠা এসএমপির জালালাবাদ থানাধীন হালদারপাড়া ব্রাহ্মণশাসনের সুবীর রায় এবং কোতোয়ালি থানাধীন মির্জাজাঙ্গালের স্বপন দেবনাথকে মাসিক আড়াই হাজার টাকায় ভাড়া দেন। তিন বছরের জন্য সম্পাদিত চুক্তির মেয়াদ ২০২০ সালের ৩১ আগস্ট শেষ হয়ে গেছে। ফররুখ আহমদ চৌধুরী আমেরিকায় থাকার সুযোগে সুবীর রায় ও স্বপন দেবনাথ দুটি দোকানকোঠার ভাড়া দীর্ঘদিন পরিশোধ করেননি। তারা ১ লাখ ৪৪ হাজার টাকা দোকানভাড়া পরিশোধ না করেই ভিন্ন একজনকে দুটি দোকানকোঠা ভাড়া দিয়েছেন।


ফররুখ আহমদ চৌধুরী সম্প্রতি দেশে এসে তাদের সাথে যোগাযোগ করে এ ব্যাপারে কোনো ফল পাননি। তাই গত ২৫ এপ্রিল তিনি সালাউদ্দিন খান নামক ব্যক্তিকে দুটি দোকানকোঠা ভাড়া দিয়ে দখল সমঝে দিয়েছেন। সুবীর রায় ও স্বপন দেবনাথের কাছে পাওনা ১ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধারের জন্য ফররুখ আহমদ চৌধুরী গত ২৬ এপ্রিল এসএমপির পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন।

তিনি জানান, বিষয়টির ব্যাপারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম