বগুড়ার তিনমাথা থেকে বাঘোপাড়া পর্যন্ত নতুন করে গ্যাসের পাইপ লাইন সঞ্চালন কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে মহাসড়কের পশ্চিম পাশে একদিন ও পূর্ব পাশে তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক বরকত হোসেন মোল্লা সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
পিজিসিএল বগুড়া অঞ্চলের সূত্র জানায়, ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে সম্প্রসারণের জন্য পিজিসিএল গ্যাস পাইপ লাইনগুলো নতুন করে স্থাপন করতে হচ্ছে। প্রথমপর্যায়ে শাজাহানপুর উপজেলার বনানী থেকে মাঝিড়ার সি-ব্লক পর্যন্ত বিভিন্ন ব্যাসের পাইপ স্থাপন করা হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে সদরের তিনমাথা থেকে বাঘোপাড়া পর্যন্ত সোমবার সকাল থেকে কাজ শুরু হবে। পরবর্তীতে বনানী মোড় থেকে তিনমাথা পর্যন্ত পাইপ বসানো হবে।
সিদ্ধান্ত অনুসারে সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনমাথা থেকে বাঘোপাড়া পর্যন্ত মহাসড়কের পশ্চিম পাশে নতুন করে ছয় ইঞ্চি ব্যাসের পাইপ স্থাপন করা হবে।
এ সময় তিনমাথা, পালশা, ভবেরবাজার, চারমাথা, বারপুর, মাটিডালি, নওদাপাড়া ও বাঘোপাড়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
অপরদিকে সোমবার সকাল ৮টা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত মহাসড়কের পূর্ব পাশে আট ইঞ্চি ব্যাসের পাইপ স্থাপন করা হবে।
এ সময় উপশহর, ধরমপুর, জহুরুলনগর, নামাজগড়, বাদুড়তলা, চকসুত্রাপুর, সুলতানগঞ্জপাড়া, হাকিরমোড়, নিশিন্দারা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পিজিসিএল বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক বরকত হোসেন মোল্লা জানান, গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তারা দুঃখিত। তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগেই গ্রাহকদের গ্যাস সরবরাহ দেওয়ার চেষ্টা করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১০
সূত্র : যুগান্তর




