মৌলভীবাজারের রাজনগরে নদী থেকে ফজল মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। 


 

বুধবার সকালে স্থানীয় মুনিয়া নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। 

খবর পেয়ে রাজনগর থানার পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ মর্গে পাঠিয়েছে। ফজল মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত সাজিদ মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজ গ্রামের এক বাড়িতে শিরনির দাওয়াতে যান ফজল মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি পরিবারের লোকজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় একজন একটি মৃতদেহ মুনিয়া নদীর শাহবাজপুর এলাকায় ভাসতে দেখেন। খবর পেয়ে গোবিন্দপুর গ্রাম থেকে স্বজনরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ফজল মিয়ার বলে শনাক্ত করেন। এলাকাবাসী ধারণা করছেন, বৃদ্ধ ফজল মিয়া শিরনি খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে বাঁশের সাকো পারাপারের সময় নদীতে পড়ে যান। সেখান থেকে উঠতে না পাড়ায় তিনি আর বাড়ি ফিরতে পারেন নি।

 

তার মৃতদেহ নদীর পানির স্রোতে শাহবাজপুর এলাকায় চলে যায়। সকাল সাড়ে ১০ টার দিকে রাজনগর থানার এসআই কাশী শর্মার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

 

ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য শেখ মোয়াজ্জিন হোসেন বলেন, বৃদ্ধ ফজল মিয়া নিজ গ্রামের একজনের বাড়িতে শিরনি খেয়ে আসার সময় কোনোভাবে নদীতে পড়ে যান। নদী থেকে উঠতে না পাড়ায় পানির স্রোতে তার মৃতদেহ শাহবাজপুর এলাকায় ভেসে চলে যায়। বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়।

 

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ফজল মিয়া বয়স্ক হওয়ায় সাঁকো থেকে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেন নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে।

 


সিলেটভিউ২৪ডটকম/এআরএস/এসডি-১৪