রাজশাহীতে পুলিশ পরিচয়ে নারীর দেহ তল্লাশির চেষ্টা করছিলেন দুই যুবক। এসময় তাদের ধরে বোয়ালিয়া থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার (২৯ মে) সকালে রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় এ ঘটনাটি ঘটে।
আটকরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার খোর গোবিন্দপুর গ্রামের মাহাবুর সরকারের ছেলে সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে সেলিম (২৪)।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার সকালে দুই নারী রিকশায় করে রাজশাহী শহরের লক্ষ্মীপুরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এসময় তালাইমারি এলাকায় সেলিম ও সোহান তাদের রিকশার গতিরোধ করেন। তারা নিজেদের পুলিশ পরিচয় দেন। পুলিশ সেজে ওই দুই নারীর কাছে মাদক রয়েছে অভিযোগ তুলে তল্লাশি করতে চান তারা।
ওসি মাজহারুল ইসলাম বলেন, এসময় ওই দুই নারী তাদের স্বজনদের ফোন করলে সোহান ও সেলিম দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া দিয়ে হাদির মোড় এলাকায় ধরে ফেলেন। এরপর পুলিশের পরিচয়পত্র দেখতে চাইলে তারা স্বীকার করেন যে তারা ভুয়া পরিচয় দিয়েছেন। পরে স্থানীয়রা বোয়ালিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, থানার একজন অফিসারকে ঘটনা তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সকাল থেকেই বিষয়টি নিয়ে তদন্ত করছেন। বর্তমানে আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৯
সূত্র : জাগো নিউজ




